প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:৩৬ পিএম
4
বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জে কক্ষবন্দি এক শিশুকে অক্ষত উদ্ধার করেছে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, বুধবার সকাল ১১টা ৪৩ মিনিটে মোবাইল ফোনের মাধ্যমে টঙ্গীবাড়ী ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, টঙ্গীবাড়ী উপজেলার কাঁঠাদিয়া ইউনিয়নের শিমুলিয়া কান্দিবাড়ি এলাকায় মনির হোসেনের তিন বছর বয়সী শিশু সন্তান আদনান হোসেন একটি একতলা বসতবাড়ির কক্ষে আটকা পড়েছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক উদ্ধার সরঞ্জামের সহায়তায় শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার মা-বাবার কাছে হস্তান্তর করে।
উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম আরও জানান, শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকাকালে অসাবধানতাবশত শিশুটি কক্ষের ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্নভাবে চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিসের দ্রুত, দক্ষ ও সময়োপযোগী পদক্ষেপের ফলে শিশুটি সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। স্থানীয়রা এ ঘটনায় ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করেছেন।