প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:২২ পিএম
4
বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ -- : -- --
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার গতকাল বুধবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় অবস্থিত দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান জে এম আই ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্প অবকাঠামো এবং সার্বিক পরিচালনা ব্যবস্থা ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জে এম আই ইন্ডাস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে ড. জিয়াউদ্দিন হায়দার দেশের স্বাস্থ্যখাত ও শিল্পখাতের উন্নয়নে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতা ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
সফর উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। এসময় মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সরকারের উচ্চপর্যায়ের এই পরিদর্শন শিল্পখাতের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। পাশাপাশি বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকান্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, জে এম আই ইন্ডাস্ট্রি দেশের শিল্প ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট উৎপাদন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।