বৃহস্পতিবার ১১, জুন ২০২৬

বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ -- : -- --

গজারিয়ায় সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে দোকান নির্মাণ ও ভাড়া আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:২৯ পিএম

4

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে প্রায় ৬০ থেকে ৭০টি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে সাবেক সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মচারী আলী আহম্মেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই স্থানে মুদি দোকান, কাপড়, মাছ, সবজি ও  হার্ডওয়্যারের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, এসব দোকান থেকে প্রতি মাসে প্রায় আড়াই লাখ টাকা ভাড়া আদায় করা হয়। সে হিসাবে বছরে প্রায় ৩০ লাখ টাকা এবং গত প্রায় দুই দশকে ৬ কোটি টাকা ভাড়া আদায়ের অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযুক্ত আলী আহম্মেদ টেঙ্গারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ করে ভাড়া আদায় করা হলেও এ বিষয়ে সরকারিভাবে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
এদিকে স্থানীয় সচেতন মহল সরকারি জমি দখলমুক্ত করে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
অভিযুক্ত আলী আহম্মেদ বলেন, খুব শীঘ্রই সরকারি জায়গা থেকে দোকানপাট সরিয়ে নেয়া হবে।
এ বিষয়ে জানতে সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে যোগাযোগ করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
সরকারি জমি দখল ও অবৈধ ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা।

Link copied!