মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬

মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬ -- : -- --

ধলেশ্বরীর তীরে পিপিআইএমএসসি’র আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম

14

ধলেশ্বরীর তীরে মুন্সীগঞ্জ জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ-এর আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার অপরিসীম গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং দেশপ্রেমের মতো মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি আরো বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ৯ আগস্ট সারাদেশে একযোগে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী চট্টগ্রামে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন। সকল শিক্ষাপ্রতিষ্ঠান ষষ্ঠ-দ্বাদশ এর শিক্ষার্থীদের নিয়ে উপযুক্ত বালক ও বালিকা দল গঠন করে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে। সুতরাং দল গঠনে এই আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বরাবরের মতো অত্র প্রতিষ্ঠান এবারো এই টুর্নামেন্ট জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করায় এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় তিনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি অত্র প্রতিষ্ঠানের পূর্বপাশের ক্রয়কৃত জমিতে মেয়েদের জন্য আলাদাভাবে খেলার মাঠ প্রস্তুত করার সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন এবং অধ্যক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, দলগত মনোভাব এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান এবং বর্ণিল আয়োজনের জন্য কমিটির সকল সদস্যকে এবং সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীকেও আন্তরিক ধন্যবাদ জানান। 
সহকারী অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার-এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন।
গতকাল বুধবার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করার পাশাপাশি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ১ম ম্যাচে ১-০ গোলে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির (দিবা শাখার) মেয়েরা ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মেয়েদেরকে (প্রভাতি শাখা) পরাজিত করে। ২য় খেলায় ৫ম বাংলা ভার্সন ২ -০ গোলে ৫ম ও ৩য় ইংরেজি ভার্সনকে পরাজিত করে।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে সুস্থ, সৃজনশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

Link copied!