বুধবার ২৯, জুলাই ২০২৬

বুধবার ২৯, জুলাই ২০২৬ -- : -- --

টঙ্গীবাড়ীতে গ্রাম আদালতে সেরা আড়িয়ল ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম

2

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় গ্রাম আদালতের কার্যক্রমে জুন মাসের সেরা ইউনিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে আড়িয়ল ইউনিয়ন পরিষদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি এড. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হাওলাদারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হাওলাদার বলেন, “এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
এসময় আরো বক্তব্য রাখেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক কবির উদ্দীন। তিনি সেরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করেন এবং পর্যায়ক্রমে সকল ইউনিয়ন পরিষদ তাদের পারফরমেন্সের মাধ্যমে সম্মাননা প্রাপ্তির প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন। তিনি এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসারকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার এই উদ্যোগ মুন্সীগঞ্জে দৃষ্টান্ত হয়ে থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, প্রতি মাসে গ্রাম আদালতের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে সেরা ইউনিয়ন নির্বাচন করা হবে এবং নির্বাচিত ইউনিয়নকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। এ সিদ্ধান্তের আলোকে জুন-২০২৬ মাসে গ্রাম আদালতে ৫টি মামলা গ্রহণ ও ৪টি মামলা নিষ্পত্তি করায় সেরা ইউনিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে আড়িয়ল ইউনিয়ন পরিষদ।

Link copied!